১৮৯ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মারা গেছেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২১ মে, ২০২৬, ১১:২০ এএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ১১:২০ এএম
১৮৯ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মারা গেছেন ১৮ জন

এ বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে সেখানে পৌঁছানোর পর এখন পর্যন্ত মারা গেছেন মোট ১৮ জন। বৃহস্পতিবার (২১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। স্থান অনুযায়ী মক্কায় মারা গেছেন ১৩ জন এবং মদিনায় ৫ জন।

এখন পর্যন্ত পরিচালিত ১৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৫টি, সৌদি এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট। বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট চলার কথা রয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন। গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।

আপনার জেলার সংবাদ পড়তে