ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিএফ) স্টার প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ সদর শাখার শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাক আঞ্চলিক অফিস, কিশোরগঞ্জ সদরে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জেলা শহরের গাইটাল ফার্মের মোড় সংলগ্ন ব্র্যাক আঞ্চলিক অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আল আমিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, এসডিএফ জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান, এসডিএফ সিনিয়র যুব কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম, এসডিএফ জেলা কর্মকর্তা (আইটি) মনিরুল ইসলাম, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল বাতেন, ব্র্যাক প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক দেবেশ চন্দ্র সাহা, ব্র্যাক এসডিপির জেলা ব্যবস্থাপক নয়নচন্দ্র দে ও কর্মসূচি সংগঠক মোঃ নাঈম মিয়া। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা বর্তমানে শিক্ষার্থীদের কর্মসংস্থান, চাকরি এবং বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, ব্র্যাকের এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠছে। অতিথিরা বলেন, এই প্রকল্পের মাধ্যমে ৬০ জন নারীর আয়ের ব্যবস্থা হওয়ায় এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা ব্র্যাকের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আশা প্রকাশ করেন, ব্র্যাকের এই দক্ষতা উন্নয়ন প্রকল্প ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হবে এবং দেশের বেকার যুবসমাজের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিরা ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিএফ) স্টার প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।