উন্মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে কলারোয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ২:৩০ মিনিট এর দিকে উপজেলার ৫ নং কেড়াগাছি ইউনিয়নের মজুমদার খাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে স্থাপন করা অবৈধ বাঁধ ও অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ জাল জব্দ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের অবাধ চলাচল নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোবাইল কোর্ট পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। উপজেলা প্রশাসন জানায়, উন্মুক্ত জলাশয়ে অবৈধ দখল, বাঁধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়।