মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। জনঅংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এ সভায় আগামী অর্থবছরের জন্য মোট ২ কোটি ৩০ লাখ টাকার বাজেট প্রস্তাব ঘোষণা করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে “কর দিন, সেবা নিন, উন্নয়নে অংশ নিন”এবং “সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করুন, সরকারি কাজে সহায়তা করুন”এই প্রতিপাদ্য তুলে ধরা হয়।
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গজারিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। সভা সঞ্চালনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফিরোজ আহাম্মেদ।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সদস্য সোলায়মান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মোছলেম মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মিছির আলী এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পারভীন আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাঃ নূরজাহান আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাঃ জোসনা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতে ৬০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ৭০ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।
বাজেট সভায় ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর আদায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।