ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহীবাসী: রাসিক প্রশাসক রিটন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০২:৪৯ পিএম
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহীবাসী: রাসিক প্রশাসক রিটন
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। ঈদের দিবাগত রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। বুধবার (২০ মে) দুপুরে নগর ভবনের অ্যানেক্স হলরুমে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এ সময় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন। মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আসন্ন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদের পরদিনই রাজশাহী মহানগরবাসীকে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। ঈদের দিবাগত রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে। নগরবাসীকে কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি। রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে শুধু দেশে নয়, সারাবিশ্বে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই। এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন (পরাগ) প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে