নাটোরের লালপুরে মেঘলা আকাশের মধ্যেই জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে নেমে আসে বজ্রপাত। মুহূর্তেই লুটিয়ে পড়েন কয়েকজন শ্রমিক। এ ঘটনায় এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদু মণ্ডলের ছেলে। আহতরা হলেন-জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) এবং পলানের স্ত্রী সুফিয়া খাতুন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। এর মধ্যেই সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে এসকেন আলী ভোলাসহ তিনজন গুরুতর আহত হন। পরে ভাটার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।