শিল্পে গ্যাস সংযোগে গড়িমসি

দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন

এফএনএস | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৩:৩৪ পিএম
দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন

বাংলাদেশে শিল্পায়নের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংযোগের সংকট। পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান এখনো গ্যাস সংযোগের অপেক্ষায় আছে, অথচ তারা ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে বহু বছর আগে। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে প্রায় ১ হাজার ৮০০টি আবেদন জমা রয়েছে, এর মধ্যে ৫৫০টি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা জমা দিয়ে বসে আছে। পাঁচ বছর কেটে গেছে, কিন্তু উৎপাদনে যেতে পারছে না এসব প্রতিষ্ঠান। ফলশ্রুতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে এবং নতুন বিনিয়োগও স্তব্ধ হয়ে পড়ছে। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে জানিয়েছেন, গ্যাস সংযোগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আরও কয়েকটি বৈঠক করতে হবে। তিনি বলেছেন, যারা ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছেন, তারা অগ্রাধিকার পাবেন। কিন্তু প্রশ্ন হলো- এতদিন অপেক্ষার পরও কেন সিদ্ধান্ত আসছে না? হবিগঞ্জ এলাকায় গ্যাসের চাপ থাকা সত্ত্বেও কেন সংযোগ দেওয়া হচ্ছে না? সরকারের পরিকল্পনার অভাবই এখানে স্পষ্ট হয়ে উঠছে। এভাবে বিলম্ব ঘটলে শিল্পোদ্যোগীরা ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে হিমশিম খাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান হাজার কোটি টাকা ঋণ নিয়ে কারখানা স্থাপন করেছে, কিন্তু গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করতে পারছে না। এতে শুধু উদ্যোক্তারা নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি, শিল্পে গ্যাস সংযোগের বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংযোগ প্রদান করতে হবে, যাতে নতুন শিল্প চালু হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতির চাকা সচল থাকে। দীর্ঘসূত্রতা কাটিয়ে কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও ঘনীভূত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে