আড়াই মাস পর পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম
আড়াই মাস পর পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে শোকজ ও পদ থেকে সাময়িক অব্যাহতির আড়াই মাস পর অবশেষে পদ ফিরে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে তার অব্যাহতি প্রত্যাহারের কথা জানানো হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো।" ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ঘটনার শুরু হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। ওই দিন রাত ১২টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে শোকজ নোটিশ পাঠায় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর ৪ মার্চ সাময়িক অব্যাহতি দেওয়া হয় তাকে। শোকজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় হামিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

সেই অব্যাহতির আদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই মাসের বিরতি শেষে হামিম আবার পুরোদমে সাংগঠনিক কাজে ফিরতে পারবেন বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে