ঈদে পরিচ্ছন্ন নগর গড়তে রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) :
| আপডেট: ২১ মে, ২০২৬, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৫:০৪ পিএম
ঈদে পরিচ্ছন্ন নগর গড়তে রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মুসলিম পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যায়।” তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।” রাসিক সূত্রে জানা গেছে, এই বিশেষ উদ্যোগের আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে রাসিক প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ।” নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ড্রেনের উপর পশু জবেহ ও ড্রেনে রক্ত এবং বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিক প্রদত্ত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখুন। পরিচ্ছন্ন কর্মীরা তা সংগ্রহ করবে।” রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, “সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে। এটি রাসিক প্রশাসকের একটি ইনোভেটিভ উদ্যোগ।” এ সময় উপস্থিত ছিলেন মো. নজরুল হুদা, জয়নাল আবেদীন শিবলী, শামসুল হোসেন মিলু, রাকিন রায়হান রবিন, এমদাদুল হক লেমন ও খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে