বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার (৪৫) ও তার সহযোগী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোর রাতে উপজেলার হারতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসাইন বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ কয়েকজন সিনিয়র নেতার ওপর অতর্কিত হামলা করেন সেচ্ছাসেবক দল নেতা সাইফুল ও তার সহযোগী সিরাজসহ ৫/৬ জনে। এ ঘটনায় হামলার স্বীকার তরিকুল ইসলাম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।