স্বাস্থ্যখাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৬:৪১ পিএম
স্বাস্থ্যখাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনমুখী ব্যবস্থা গড়ে তুলতে কমিশনের প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাত সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেব। দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করাই আমাদের লক্ষ্য।”

বৈঠকে কমিশনের সদস্যরা জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহিতা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং এ খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানান।

কমিশনের মতে, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারলে হাসপাতালগুলোর ওপর চাপ কমবে, চিকিৎসা ব্যয়ও নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি জনসাধারণ সহজেই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা পাবে।

আলোচনায় আরও উঠে আসে, বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে দেওয়া বেশ কিছু প্রস্তাব প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের মতামতও এতে প্রতিফলিত হয়েছে বলে জানানো হয়।

কমিশনের সদস্যরা উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার মতো বিষয়গুলো সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশ।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত এই স্বাস্থ্যখাত সংস্কার কমিশন এর আগে তাদের সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়। বর্তমানে সেই সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার বিষয়ে অগ্রগতি চলছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে