মোল্লাহাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৬:৪৪ পিএম
মোল্লাহাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক ঘটনায় তাপস মন্ডল (৫০) ও পিকুল সমাদ্দার (৬৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দুই স্থানে এসব ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরকুলিয়া গ্রামের বাসিন্দা ও সতীশ মন্ডলের ছেলে তাপস মন্ডল ওরফে সোনা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়ডিহি মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় রাজিব পরিবহনের একটি বাস ও একটি ভ্যানের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পিকুল সমাদ্দার (৬৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি সীতানাথ সমাদ্দারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকুল সমাদ্দার পূর্বে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। সকালে বাড়ি সংলগ্ন মহাসড়কে উঠলে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পৃথক এ দুই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে