গাজীপুর মহানগরীর পূবাইল বাজার বিদ্যালয় সংলগ্ন মাঠে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অস্থায়ী গরুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীদের দাবি বিদ্যালয়ের সামনে পশুর হাট বসলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে।
বুধবার (২০ মে) বিদ্যালয় ছুটির পর পুবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পুবাইল উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ বিদ্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, তীব্র গরম এবং বর্ষার এই সময়ে পশুর হাটের বর্জ্য, গোবর ও মূত্র থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়ে বিদ্যালয়ের বাতাস দূষিত করে তুলবে। ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও ডেঙ্গুর মতো পানিবাহিত ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। অন্যদিকে হাটের খুঁটি পোঁতা এবং পশু বাঁধার কারণে পুরো মাঠে বড় বড় গর্তের সৃষ্টি হবে। হাট শেষে মাঠটি প্যাক-কাদায় পরিণত হলে শিক্ষার্থীদের নিয়মিত সমাবেশ (পিটি), প্রাত্যহিক শরীরচর্চা এবং খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "মাঠ হচ্ছে আমাদের প্রাণ। এখানে আমরা খেলি, প্রতিদিন সকালে পিটি করি। এখানে যদি গরুর হাট বসানো হয়, স্কুল খোলার পর ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের কারণে আমরা স্কুলেই আসতে পারব না। আমরা কোনোভাবেই আমাদের প্রিয় খেলার মাঠে এই হাট বসতে দেব না।"
শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন স্থানীয় অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজও। তারা অবিলম্বে পূবাইল বাজারের এই অস্থায়ী পশুর হাটটি বিদ্যালয়ের সামনের মাঠ থেকে সরিয়ে অন্য কোনো ফাঁকা বা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।