কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মহিনন্দ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মহিনন্দ ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশনে বক্তব্যকালে ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, সকল খাতেই বরাদ্দ রাখা রাখা হয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ক্ষেত্রে উন্মুক্ত বাজেট আলোচনা সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে গ্রামের উন্নয়নে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের রাজস্ব বাড়ানোর জন্যও তিনি সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ৪ নম্বর মহিনন্দ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের ২ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৫৯৬ টাকার উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন মহিনন্দ ইউপি সচিব মোছা. আয়েশা আক্তার। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন মডেল মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী। বাজেটের উপর আলোচনা করেন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, ইউপি সদস্য মো. হারুন অর রশিদ, মো. কামাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম,মাহতাব উদ্দিন প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।