নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনার জেরে বাড়িঘরে হামলা করে ভাংচুর ও মারপিটে তিন জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে থানা পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের মৃত শখাতুল্লাহর ছেলে আব্দুর রহমান অভিযোগ করেন যে, গত সোমবার (১৮ মে) বিকেলে স্থানীয় স্কুল মাঠে তার ছেলে রবিউল ইসলাম (১১), নাতি আলী আজগরসহ (৮) পাড়ার অন্য শিশুরা মোরগ লড়াই খেলার সময় এক শিশু আহত হয়। এরই জের ধরে পরদিন সকালে ওই শিশুর বাবা মৃত জামাল উদ্দিনের ছেলে হাসান আলী (৩২) ও মৃত খাদেম আলী হেংলার ছেলে মামুন (৩৫) দুই শিশু রবিউল ও আজগরকে মারপিট করে। সন্ধ্যায় হাসান আলী, তার দুই ভাই আবুল কালাম (৩৫), হোসেন আলী (৩৩), মামুন, তার ছেলে মারুফ (১৮) ও আরো অনেকে লাঠি, চাকু, ধান কাটা হাসুয়া প্রভৃতি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। তারা আব্দুর রহমান, তার ছেলে বারেক ও মেয়ে রুবিনাকে মারাত্মক জখম করে।
আব্দুর রহমান এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মহাদেবপুর থানার এএসআই মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।