জামালপুরে নিখোঁজের তিনদিন পর বালুঘাটে বালুর নিচ থেকে জয়নাল আবেদীন নয়ন (৫০) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এক বালু ঘাটে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন নয়ন ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। নিহত নয়নের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ মে) নয়ন আইসক্রিম বিক্রির জন্য বাড়ি থেকে সে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে তাকে অনেক খোঁজখোঁজি করেও নয়নের কোন সন্ধান পাওয়া যায়নি। ২১মে (বৃহস্পতিবার) বিকালে জয়নামপুর এলাকার আব্দুর রউফের বালি ঘাটের বালির স্তুপের নিচে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, নিহত নয়ন একজন আইসক্রিম বিক্রেতা ছিলো। বালির স্তুপের নিচে মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।