আগামী পৌর নির্বাচনে পিরোজপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য মেয়র প্রার্থী এনসিপির প্রাথমিক সদস্য মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির জেলা আহবায়ক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা ও পিরোজপুর জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক সদ্য এনসিপিতে যোগ দেয়া মইনুল এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিরোজপুর পৌরসভা দেড়শতাধিক বছরের পুরনো পৌরসভা হলেও এখানকার নাগরিকরা প্রায় সব ধরনের পৌর নাগরিক সুবিধা বঞ্চিত। পিরোজপুর পৌরসভার দীর্ঘ বছরের অব্যবস্থাপনা এবং অন্তহীন সমস্যা দূরীকরনসহ পৌর নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে তিনি আসছে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিবেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তিনি পৌর নাগরিকদের সাথে গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি যদি জামায়াতের সাথে জোটবদ্ধভাবে পৌর নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে জোট যে সিদ্ধান্ত নিবে তা তিনি মেনে নিবেন। এ সময়ে এনসিপির জেলা সদস্য সচিব আল আমিন খান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ ইকবাল আহমেদসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পিরোজপুরসহ দেশের এক ‘শ পৌরসভায় এনসিপি তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করেছে।