ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে তরঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ধর্ষণ, হত্যাকাণ্ড ও মাদ্রাসায় শিশু বলাৎকারের মতো ঘটনা সমাজকে অস্থির করে তুলছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।তরঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক বুশরা সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যদের অভিভাবক মুন্নি বেগম, সদস্য পূর্ণিমা দাস, সাঞ্জিনা প্রমি, সামি আহমেদ ও দিব্য ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, সিলেটেও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। সম্প্রতি সিলেটে চার বছরের এক শিশুকে তার মা হত্যা করেছেন উল্লেখ করে তারা বলেন, ঘরে-বাইরে বিভিন্নভাবে নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাবেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে তারা মন্তব্য করেন। মানববন্ধন থেকে বক্তারা সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।