রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিবা (৬)। সে উপজেলার বামনদিঘী গ্রামের লালনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালনের বাড়ির মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। পরে পরিবারটি পাশের একটি বাড়ি থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। সেই সংযোগ থেকেই নিউট্রাল তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।