বরিশালের মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে অভিযান চালিয়ে আলম খান (৩৭) ও শাকিল রাড়ী (২৪) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দীন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আলম খান মেহেন্দীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মোহাম্মদ খানের ছেলে এবং শাকিল রাঢ়ী উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর গ্রামের হানিফ রাঢ়ীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছেন বলে জানায় পুলিশ।
মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, গাঁজার বড় চালান লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশ পৌরসভার চুনারচর স্টিমারঘাটে অবস্থান নেয়। পরে আলম খান ও শাকিল রাঢ়ীকে তল্লাশী করে তাদের প্রত্যেকের কাছে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া গেলে তাদের আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মেহেন্দীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দীন বলেন, গাঁজাসহ আটক দুই ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।