রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব। শনিবার (২৩ মে) সকালে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা সাংবাদিক নুরে ইসলাম মিলন, সুরুজ আলী ও মিশাল মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা শিশু রামিসাসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।