নওগাঁয় আাদালতের নথি চুরি ও চাঁদা দাবির দায়ে দুজন কর্মচারিসহ চারজনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া নথি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে বিষয়টি প্রকাশ করা হয়। আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), খয়রাবাদ এলাকার আব্দুল করিম সরদারের ছেলে নওগাঁর দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পিয়ন পলাশ, তার ভাই নওগাঁর সাপাহার সহকারি জজ আদালতের পিয়ন আরিফ হোসেন এবং বর্তমানে নওগাঁ শহরের বকুলতলায় বসবাসকারি রাণীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মুহুরি সবুজ (৪০)।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নওগাঁর দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ৯০৪/২০২২ নম্বর মোকদ্দমার পুরো নথি চুরি হয়। মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। নথিটি ফেরৎ দিতে চেয়ে অজ্ঞাত মোবইলফোন থেকে ওই আদালতের এক কর্মচারির কাছে ৩০ হাজার টাকা দাবি করা হয়। আদালত সংশ্লিষ্টরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি পুলিশ সুপারকে জানালে তাঁর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ঘটনার চুলচেরা বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে চুরির সাথে জড়িতদের মূল হোতাকে শনাক্ত করে। রাতেই তারা রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করে এস, এম, আকাশকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আকাশের দেয়া তথ্যে তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে নথিটি উদ্ধার করে এবং চুরির সাথে জড়িত থাকার দায়ে নওগাঁ সদর ও বগুড়ার আদমদীঘি থেকে পলাশ, আরিফ ও সবুজকে গ্রেপ্তার করে। ঘটনার সাথে আরো কারা জড়িত ও এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।