নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:৩৯ পিএম
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল উত্তরপাড়া থেকে প্রায় দুই লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়। এ সময় কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ স্ত্রী শুকুরোনকে (৫৭) আটক করা হলেও তার স্বামী নূর মিয়া (৬৪) পালিয়ে গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার। জব্দকৃত প্রতিটি বোতলে কোডিন ফসফেট মিশ্রিত মাদকের উপাদান বিদ্যমান।

তিনি আরো জানান, স্বামী নূর মিয়া ও স্ত্রী শুকুরোন প্রায় দুই বছর ধরে বাড়িতে থেকে বিভিন্ন ধরণের মাদক বেচাকেনা করে আসছে। তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি শুকুরোনকে শনিবার দেড়টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি নূর মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে