টাঙ্গাইলে ভোক্তার অভিযানে কসমেটিকসের দোকানে জরিমানা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৯:১১ পিএম
টাঙ্গাইলে ভোক্তার অভিযানে কসমেটিকসের দোকানে জরিমানা

টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান কলেজ মার্কেটের দুটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৩ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মার্কেটটির তুলি ও অন্তু বিউটি কনসেপ্ট নামে দুটি কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন প্রসাধনী বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দোকান দুটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শহরের রাবনা বাইপাস এলাকায় অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপরিবহনের চালক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে