ইসলামী ব্যাংকের পাচার করা টাকা ফেরত আনার দাবিতে পিরোজপুরে ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন করেছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নামের একটি সংগঠন আজ রোববার সকাল ১১ টায় ইসলামী ব্যাংক পিরোজপুর শাখা কার্যলয়ের সামনে এ মানববন্ধন করে। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনকালে বক্তারা বলেন, এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে ব্যাংকের টাকা হরিলুট করা হয়েছে। এস আলম ছিলেন টিন এবং লোহার ব্যবসায়ী। তাকে নেপথ্যে রেখে বিগত আওয়ামী সরকার তাদের মতো করে পরিচালনা জন্য ব্যাংকের দায়িত্বে অসাধুদের বসিয়ে ব্যাংকের টাকা লোপাট করে পাচার করেছে। তারা বলেন,দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করা প্রয়োজন। ব্যাংকের অর্থ পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান তারা। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পিরোজপুর জেলা আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর খলিফা, সদস্য সচিব এইচ এম মামুন, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।