পটুয়াখালীর গলাচিপা উপজেলা উপজেলার গোলখালী ইউনিয়নে সরকারি জেলে তালিকায় নাম থাকা সত্ত্বেও ৬৬৫ জন জেলে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। রোববার (তারিখ) সকাল ১১টায় গোলখালী ইউনিয়নের নলুয়াবেগি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঞ্চিত জেলেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, সরকারি তালিকায় গোলখালী ইউনিয়নের ১ হাজার ৬১৫ জন জেলের নাম থাকলেও বাস্তবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৯৫০ জনকে। এতে তালিকাভুক্ত ৬৬৫ জন জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
ভুক্তভোগী জেলেরা বলেন, “আমাদের নাম সরকারি তালিকায় রয়েছে। তারপরও আমরা চাল পাইনি। আমরা চাই সরকার যে তালিকা করেছে, সেই তালিকা অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হোক।” এদিকে, চাল না পাওয়া জেলেদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করছেন বলেও জানা গেছে। অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেন, সরকারি নির্দেশনা ও বরাদ্দ অনুযায়ীই চাল বিতরণ করা হয়েছে। তবে তিনি বলেন, “সরকারের তালিকা অনুযায়ী যেন সকল জেলে তাদের প্রাপ্য সহায়তা পান, সেই দাবির সঙ্গে আমরাও একমত।” স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।