সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৪:৪৫ পিএম
সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ

দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইনকে হুমকি প্রদান এবং একই পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) নেতৃবৃন্দরা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আইনজীবী ও রাজনৈতিক দলের নেতা জাকির হোসেন কর্তৃক সংঘটিত এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটি গুরুতর ফৌজদারি অপরাধের শামিল। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে মনে করে সংগঠনটি। বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হুমকি এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশকে বাঁধাগ্রস্ত করে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে