সিলেটের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। রোববার (২৪ মে) দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে উঠে আসে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য এবং নগর উন্নয়ন নিয়ে পারস্পরিক সহযোগিতার নানা দিক। বৈঠকে দুই পক্ষ সিলেট ও কসোভোর বিভিন্ন শহরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়, যা ভবিষ্যতে দুই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং এখানকার মানুষের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি কসোভো সরকারের পক্ষ থেকে সিলেটের আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। স্বাগত বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট শুধু দেশের অন্যতম সুন্দর নগরীই নয়, বরং প্রবাসী অধ্যুষিত একটি আন্তর্জাতিক পরিচিত শহর। তিনি জানান, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতায় কসোভোর সমর্থন কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।