হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে চুরি, ছিনতাইর ঘটনা। বিশেষ করে শিল্পাঞ্চল, রেলস্টেশন এলাকা ও মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পয়েন্ট, বাসা-বাড়িতে অপরাধীদের তৎপরতায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অনেক এলাকাতেই নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলিপুর শিল্পাঞ্চল, নতুন ব্রিজ এলাকা, পুরাতন রেলগেট, নুরপুর ও লেঞ্জাপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। শিল্পাঞ্চলে কর্মরত নারী শ্রমিক ও রাতের যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ চক্র সুযোগ বুঝে শ্রমিকদের পথরোধ করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকাতেও অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানিয়েছেন, স্টেশনের অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। ট্রেন থেকে নামার পর অনেক যাত্রীকে ব্যাগ, মোবাইল ও নগদ অর্থ খোয়াতে হচ্ছে। রোববার রেল স্টেশন সংলগ্ন মসজিদ থেকে জোহরের নামাজের সময় একজন যাত্রীর ও আছরের নামাযের সময় অপর যাত্রীর ব্যাগ চুরির পরে মসজিদের ইমাম মাগরিবের নামাজের সময়ে এ বিষয়ে মুসল্লীদের সতর্ক করেন। স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
১ মে সাধু ফ্রান্সিস জেবিআর ক্যাথলিক মিশনের শায়েস্তাগঞ্জের ভিতরে লক্ষাধিক টাকা মূল্যের গরু জবাই করে চুরেরা মাংস নিয়ে যায়।
১৬ মে পৌরসভার সাবাসপুর এলাকার প্রয়াত ডা. আব্দুর রউফের স্ত্রী সকালে হাটঁতে বের হয়ে ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা ঐ নারীকে ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
১৭ মে পৌরসভার হাসপাতাল সড়কে হাসান স্টোর থেকে দিনদুপুরে সয়াবিন তেলের টিন চুরি হয়ে যায়।
২১ মে পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম লেঞ্জাপাড়া থেকে সাবেক কমিশনার ফাহিন হোসেনসহ জনতা গরু চোর সন্দেহে ২ জনকে আটক করে।
২২ মে সাইফুল তালুকদার নামে এক খামারির খামার থেকে ৫ বস্তা মাছের খাবার চুরি হয়। কক্সবাজারে কর্মরত পুলিশের এক এসআইয়ের মহলুলসুনামের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা দেখা গেছে। চুরেরা বাসার তালা কেটে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও টেলিভিশন নিয়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যদি চুরির হাত থেকে রক্ষা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ তা সহজেই অনুমান করা যায়।
২৩ মে টমটম দিয়ে সুকড়ি পাড়া থেকে নিতাইরচক যাওয়ার পথে টমটমের গতি রোধ করে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সাবেক সেনা সদস্য কাওসার আহমদের স্ত্রী ও কন্যা সন্তানের কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পৌরসভা যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন জানান, তারা রাত জেগে বিভিন্ন এলাকা পাহাড়া দিচ্ছেন, পুলিশকে সহযোগিতা করছেন। তিনি বলেন ঈদুল আজহাকে সামনে রেখে চুরি ছিনতাই বেড়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, পুলিশ অপরাধ দমনে আপ্রাণ চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল থাকলেও তা পর্যাপ্ত নয়। বিশেষ করে রাতের বেলায় মহাসড়ক, আবাসিক এলাকা ও স্টেশন এলাকায় আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন চোরকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।