রাজধানী ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

এফএনএস | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ০৯:৫৬ পিএম
রাজধানী ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে বের হন। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও সড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম কেমন চলছে, সেটিই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।

গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী গুলশান-১, হাতিঝিল, রামপুরা, মালিবাগ ও বাসাবো এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। পরে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ রাজধানীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনের সময় বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম, সড়কের পরিচ্ছন্নতা ও যান চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। কোথাও কোথাও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

উপ প্রেস সচিব আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনেই গাড়ি চালিয়েছেন এবং স্বাভাবিক নিয়ম অনুসরণ করে পুরো পথ পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে