পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের ৪ দিন পর বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) লাশ উদ্ধার করা হয়েছে । আজ বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে থানা-পুলিশ। এর আগে রবিবার (৩১ মে) নানার বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এঘটনার পরদিন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। নিহত শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম দৈনিক আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, চাকুরীর সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী জিহাদকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করতেন জাফর ইকবাল। ঈদের ছুটিতে তারা বাড়িতে যান। পরে গত শনিবার পরিবারের সবাই জিহাদের নানার বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান। ঘটনার দিন রবিবার বিকেল ৫ টার দিকে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ বুধবার সকালে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে জিহাদের লাশ ভাসতে দেখা যায় । পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি শাকিউল আযম জানান, নিখোঁজ হওয়া শিশু জিহাদের লাশ তার নানার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আর পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।