হিজলায় বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায়

মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৬:৪৮ পিএম
মেঘনার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

বরিশালের হিজলায় বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় মেঘনা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গৌরব্দী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাওড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি করা হয়। এর আগে গত ২ জুন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছিলেন স্থানীয় বাসিন্দারা।  

মেঘনার ভাঙন রোধে স্থায়ী সমাধান না পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানের দৃষ্টি আকর্ষণ করতে এই মানববন্ধনের আয়োজন করেন। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী নদী বাঁধ নির্মাণ না করা হলে ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারি স্থাপনাগুলো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।

হিজলা গৌরব্দী ও ধূলখোলা ইউনিয়নের সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন ব্যাপারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিন তালুকদার, সদস্য সচিব আমির হোসেন বাঘা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক স.ম ফারুক, সদস্য সচিব ফয়েজ হাওলাদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স.ম হুমায়ুন কবির, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, হুমায়ুন তালুকদার, জসিম সিকদার, ফারুক ফরাজী, আলাউদ্দিন বাবুর্চি, উপজেলা যুবদল নেতা মোস্তফা সিকদার, আলতাফ জমাদার প্রমুখ। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে হিজলা গৌরব্দী ইউনিয়নের শাওড়া সৈয়দখালী থেকে ধূলখোলা ইউনিয়নের মাটিয়ালা পর্যন্ত ৮টি গ্রাম মেঘনা নদীর ভাঙনের শিকার হচ্ছে। সাধারণ মানুষ বসতবাড়ি, ফসলিজমি, প্রাথমিক বিদ্যালয়, পূর্বপুরুষদের কবরস্থান ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। কিন্তু ভাঙন রোধে কোনো সরকার স্থায়ী ব্যবস্থা নেয়নি। মেঘনা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে হিজলা উপজেলার মানচিত্র থেকে গৌরব্দী ইউনিয়ন হারিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে