জামায়াত নেতার ছেলে যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ১১:২৯ এএম
জামায়াত নেতার ছেলে যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান ছিলেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনের ফলাফলে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। নির্বাচন চলাকালীন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখেন কামরুল ইসলাম খানের ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক মেধাবী ছাত্রনেতা আরাফাত বিল্লাহ খান। যা ওইসময় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলো। বিএনপির প্রতি কঠোর আনুগত্য থাকা আরাফাত বিল্লাহ খান এবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরাফাত বিল্লাহ খানকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় যুবদলে পদ পাওয়া আরাফাত বিল্লাহ খান বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছাত্রদলের কমিটিতে তিনি স্কুল বিষয়ক সম্পাদক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা কামরুল ইসলাম খান বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। বাবা প্রার্থী হওয়া সত্বেও জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত্য আরাফাত বিল্লাহ প্রকাশ্যে জনসভায় বিএনপি প্রার্থীর পক্ষে অবস্থান নেন এবং জনসভায় ধানের শীষে ভোট চেয়ে দেশব্যাপী আলোচিত হয়েছিলেন। অপরদিকে গৌরনদীর বাসিন্দা আরাফাত বিল্লাহ খান কেন্দ্রীয় যুবদলের কমিটিতে পদ পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে