কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শ্বাশুরী দুজনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে। বউ খালেদা আক্তার (৩০) দুবাই প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী ও শ্বাশুরী মেহেরা (৬০) আব্দুল হাই এর স্ত্রী এবং জাহাঙ্গীরের মা।
জানা যায়, শুক্রবার সকালে গরুকে খাদ্য দেয়ার জন্য খালেদা আক্তার গোয়াল ঘরে যায়। সেখানে দরজার সাথে বিদ্যুরের লিকেজ তারের স্পর্শে দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ায় দরজা খোলতে গিয়ে খালেদা আক্তারও বিদ্যুতায়িত হয়ে পড়ে। শ্বাশুরী মেহেরা বউকে উদ্ধারের চেষ্টা করে নিজেও বিদ্যুতের সাথে জড়িয়ে পড়ে। তাদের কে উদ্ধার করে দ্রুত ভাগলপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বউ শ্বাশুরী দুজনকেই মৃত ঘোষণা করেন।
আচমিতা ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত ভাগলপুর হাসপাতালে প্রেরণ করেন। স্ত্রী ও মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে প্রবাসী জাহাঙ্গীর ছুটি নিয়ে তৎক্ষনাৎ দেশে ফেরার পথে রয়েছেন। তিনি দেশে পৌঁছলে স্ত্রী ও মায়ের জানাযা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।