চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৫:৩৯ পিএম
চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শুক্রবার (৫জুন) ভোররাত ৩ টায় ফসলী জমি চাষাবাদ কালে চলন্ত ট্রাক্টর উল্টে গিয়ে পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাক্টর চালক হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৪)।  ঘটনার সময় চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় উক্ত চালক রাতভর জমি চাষাবাদের পর ভোররাতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর সহ পদ্মা নদীতে ডুবে গিয়ে মৃত্য হয়। 

এ ব্যপারে চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, “পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পদ্মা নদী পারে প্রায় ডুবন্ত অবস্থায় ট্রাক্টরটির নিচে থেকে চালকের লাশ উদ্ধার করেছেন এবং চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে”। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন বলে জানা যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শ্রমিক জীবীকার তাগিদে গত তিন মাস ধরে উপজেলা পদ্ম নদীর চরাঞ্চলে ভাড়ায় চালিত বড় ট্রাক্টর দিয়ে ফসলী জমি চাষাবাদ করে আসছিল। ঘটনার রাতে সে সারারাত জমি চাষ করে চলছিল। কিন্তু রাত্রির শেষভাবে ঘুম ঘুম চোখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সহ চালক পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। পরে জেলেরা পদ্মার পানিতে ট্রাক্টরটি উল্টে ডুবে থাকতে দেখে সংশ্লিষ্টদের খবর দেয়। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালকের লাশ উদ্ধার করেন। 

শুক্রবার উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল। দুর্ঘটনার খবর পেয়েই আমরা সাবই মিলে লাশটি উদ্ধার করেছি”।

আপনার জেলার সংবাদ পড়তে