রেকর্ড ট্রান্সফারের ঘোষণা দিলেন রিয়াল প্রেসিডেন্ট

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৫:০৬ এএম
রেকর্ড ট্রান্সফারের ঘোষণা দিলেন রিয়াল প্রেসিডেন্ট

ফ্লোরেন্তিনো পেরেজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াল মাদ্রিদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনার মধ্যেই ঘোষণা দিলেন, ক্লাব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার সম্পন্ন করতে প্রস্তুত তিনি। স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান হরিজন্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ জানান, আগামী মঙ্গলবার তিনি ইউরোপের একটি শীর্ষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের কাছে এক তারকা ফুটবলারের জন্য অন্তত ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১৭৪ মিলিয়ন ডলার) প্রস্তাব পাঠাবেন। পেরেজ বলেন, ‘এটি হবে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি।’ এই অঙ্কটি রিয়ালের বর্তমান সবচেয়ে ব্যয়বহুল দুই সাইনিং-এডেন হ্যাজার্ড এবং জুড বেলিংহ্যামের ট্রান্সফার ফিকেও ছাড়িয়ে যাবে। তবে কোন খেলোয়াড়ের জন্য এই বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হবে, তা স্পষ্ট করেননি পেরেজ। তিনি শুধু ইঙ্গিত দিয়েছেন, খেলোয়াড়টি একজন মিডফিল্ডার বা ফরোয়ার্ড এবং তিনি ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হালান্ড নন। পেরেজের বক্তব্যের পর সমর্থকদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে যে, পিএসজির দুই পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও নেভেস বা ভিতিনহা হতে পারেন সেই রহস্যময় লক্ষ্য। রিয়ালের মাঝমাঠ শক্তিশালী করার পরিকল্পনার সঙ্গে এই দুই খেলোয়াড়ের নাম বেশ ভালোভাবেই মিলে যায়। পাশাপাশি নতুন মৌসুমের জন্য ইব্রাহিমা কোনাতে এবং ডেঞ্জেল ডামফ্রিসের আগমনও নিশ্চিত করেছেন রিয়াল সভাপতি। পেরেজ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি যতদিন রিয়াল মাদ্রিদের সভাপতি থাকব, বিশ্বের সেরা খেলোয়াড়রা এই ক্লাবেই খেলবে।’

আপনার জেলার সংবাদ পড়তে