বরগুনার তালতলীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে পঁচাকোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো: অলিউল্লাহ (১৭)। তিনি তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো: লোকমান হাকিমের ছেলে।
তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, অলিউল্লাহ পেশায় একজন মৎস্যচাষী ছিলেন। প্রতিদিনের ন্যায় আজ সকালে তিনি ও তার বাবা পায়রা নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় নৌকার দুই ধারে অলিউল্লাহ ও তার বাবা লোকমান হাকিম বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় ঝড়-বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে অলিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান। দ্রুত তার বাবা হাকিম নৌকা বেয়ে কিনারায় আসেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তালতলী থানার (ওসি) তদন্ত মো. শরিফুল ইসলাম জানান, পিতা পুত্র মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ নামের একজনের মৃত্যু হয়েছে।