শেরপুরের নালিতাবাড়ী উপজেলা উপজেলায় নিখোঁজ হওয়া ছয় মাদরাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচ জনকে উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও ইস্রাফিল আলম (১৫) নামের একজন মাদরাসা শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীর কাউকেই অপহরণ করা হয়নি। তারা নিজেদের ইচ্ছায় বিভিন্নস্থানে চলে গিয়ে লুকিয়ে ছিল। এদিকে, নিখোঁজ হওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে পাঁচ জন উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।
একই দিন বিকেলে নালিতাবাড়ীর আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।
সুত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি গ্রাম থেকে নিখোঁজ হয় এক মাদরাসা শিক্ষার্থী। শনিবার শহরের আড়াইআনী বাজার এলাকা থেকে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়। রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার ৩ শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এছাড়া সোমবার শহরের আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থীসহ ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।