পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচর্য (ভিসি) হিসিবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। ৮ জুন সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া নতুন এ ভিসি গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর এসেছেন। আজ বুধবার তিনি দায়িত্ব গ্রহন করবেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন। নতুন এ বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে দু’জন ভিসি পরিবর্তন হয়ে ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম তৃতীয় ভিসি হিসেবে নিয়োগ পান। তাঁর পৈত্রিক নিবাস বরিশালের ভোলা জেলায়। জানা গেছে, নতুন এ ভিসি মোহাম্মদ ছবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান সংশ্লিষ্টদের ভিসি হিসেবে নিয়োগের প্রচলন থাকলেও পিরোজপুরের এ বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ভিসি ভাষা ও সাহিত্যিক বিভাগের একজন অধ্যাপক। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনে ভিসি হিসেবে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার বাধ্যবাধকতা নেই, কেবল স্বনামধন্য একজন শিক্ষাবিদ হওয়ার শর্তের কথা উল্লেখ আছে বিশ্ববিদ্যালয় আইনে বলে জানা গেছে। প্রসঙ্গত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম ভিসি ছিলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও দ্বিতীয় ভিসি ছিলেন অধ্যাপক ড. শহিদুল ইসলাম।