সাতক্ষীরা মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ভাগাড়

দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী, অপসারণের দাবি

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৪:৫৭ পিএম
দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী, অপসারণের দাবি

সাতক্ষীরা-যশোর মহাসড়কের লস্কর ফিলিং স্টেশনের পাশে সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনার ভাগাড় (ডাম্পিং স্টেশন) গড়ে তোলায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং দূরপাল্লার যাত্রীরা। মহাসড়কের ঠিক পাশেই উন্মুক্ত স্থানে ময়লার স্তূপ রাখায় বাতাসে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফলে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করাই এখন দুষ্কর হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য ও ময়লা এনে এখানে ফেলা হচ্ছে। উন্মুক্ত স্থানে এসব ময়লা পচে তীব্র দুর্গন্ধের সৃষ্টি করছে। মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ হাজার হাজার যানবাহন এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। যাতায়াতের সময় বাতাসে ভেসে আসা তীব্র দুর্গন্ধে অনেকেই অসুস্থ বোধ করছেন। এমনকি অনেক পথচারী ও যাত্রীকে দুর্গন্ধের চোটে রাস্তায় বমি করতেও দেখা গেছে। স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের মতো একটি জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তার পাশে এভাবে ময়লা ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ফলে একদিকে যেমন মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আশপাশের এলাকায় রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। পথচারীদের যাতায়াত যেন এক নরকযন্ত্রণায় পরিণত হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন, "সাতক্ষীরায় কি এই অনিয়ম দেখার কেউ নেই?"

এই চরম ভোগান্তি ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে স্থানীয় জনগণ ও সাধারণ পথচারীরা অনতিবিলম্বে এই স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণের জোর দাবি জানিয়েছেন। একই সাথে, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সাতক্ষীরার জেলা প্রশাসকের (ডিসি) দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ভুক্তভোগীদের প্রত্যাশা, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ নিয়ে দ্রুত এই স্থান থেকে ময়লা-আবর্জনা সরিয়ে মহাসড়কটিকে দুর্গন্ধমুক্ত ও চলাচলের উপযোগী করে তুলবেন।

আপনার জেলার সংবাদ পড়তে