মণিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে দুদকের বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৬:৪৩ পিএম
মণিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে দুদকের বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংগ্রামে কেবল আইন, বিধি কিংবা প্রশাসনিক সংস্কারই যথেষ্ট নয়, প্রয়োজন মানুষের বিবেকের জাগরণ, নৈতিকতার চর্চা এবং সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সততা ও ন্যায়বোধের চর্চা নিশ্চিত করা গেলে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে মত দিয়েছেন বক্তারা।বুধবার সকালে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত ‘বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতারা এসব কথাগুলো বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন সার্বিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং জবাবদিহিতার মানসিকতা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, প্রশাসক ও নাগরিক; তাই তাদের মধ্যে সততার বীজ বপন করাই আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোঃ মুহিব বুল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন বলেন, দুর্নীতি শুধু আইনের বিষয় নয়, এটি একটি সামাজিক ও নৈতিক সংকট। আইন প্রয়োগ দুর্নীতি দমন করতে পারে, কিন্তু দুর্নীতির মানসিকতা দূর করতে পারে না। সেই কাজটি করতে পারে পরিবার, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠবে। সহযোগী অধ্যাপক বাবুল আকতার ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জি এম ফারুক আলম, সদস্য সহকারী অধ্যাপক উম্মে হাবিবা, উন্নয়নকর্মী সুরাইয়া নার্গিস, মোঃ শফিকুল ইসলাম'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজুর রহমান, পিন্টু কুমার সাধু, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ এবং শিক্ষক আব্দুস সবুর। বিতর্ক প্রতিযোগিতায় মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, রাজাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং বাগডাংগা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাজাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং বাগডাংগা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ নির্বাচিত হয়। উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে