এনজো ফার্নান্দেজকে ‘ছিনতাই’ করতে চান রবার্তো কার্লোস!

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৭:১৫ পিএম
এনজো ফার্নান্দেজকে ‘ছিনতাই’ করতে চান রবার্তো কার্লোস!

বিশ্বকাপের আর ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। তার আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস। আর্জেন্টিনা দল থেকে একজন ফুটবলারকে ব্রাজিল দলে নেওয়ার সুযোগ পেলে কাকে নিতেন-এমন প্রশ্নের জবাবে এক মুহূর্তও দেরি করেননি ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস। তার প্রথম পছন্দ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার তারকা এই মিডফিল্ডারকে নিয়ে রবার্তো কার্লোস বলেছেন, ‘এনজো, কোনো সন্দেহ নেই। সে খুবই ভালো খেলোয়াড়। আক্রমণভাগে বল পৌঁছে দেওয়ার জন্য যে মানের ফুটবলারের প্রয়োজন, সেই গুণ তার আছে। এটাই আর্জেন্টাইন ফুটবলের বৈশিষ্ট্য।’ ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কার্লোসের মতে, বর্তমান আর্জেন্টিনা দলের মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি এনজো। খেলার গতি নিয়ন্ত্রণ, বল ডেলিভারি এবং আক্রমণের ক্ষেত্রে তার ভূমিকা আলাদাভাবে নজর কাড়ে। আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির নামও। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে কার্লোস বলছেন, ‘মেসি এক অসাধারণ দৃশ্য। সে অসীম প্রতিভার একজন ফুটবলার এবং লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম বড় প্রতিনিধি। আমি চাই সে এই বিশ্বকাপটা উপভোগ করুক, কারণ এটি হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে।’ তবে এখানেই শেষ নয়। ২০২৬ বিশ্বকাপের পরও মেসিকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে বলেও মনে করেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। ‘সে নিজের যত্ন খুব ভালোভাবে নেয়। তাই তাকে আরও খেলতে দেখলেও অবাক হবো না,’ যোগ করেন তিনি। নিজ দেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন কার্লোস। তার মতে, বিশ্বকাপের অন্যতম ফেবারিট না হওয়াটা বরং ব্রাজিলের জন্য ইতিবাচক। আর ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা নেইমারকে ঘিরেও আশাবাদী তিনি। কার্লোস বলেন, ‘নেইমার শতভাগ সুস্থ হয়ে ফিরতে পারে কি না, সেটা দেখতে হবে। দলে তাকে প্রয়োজন। সে মাঠে থাকুক বা বেঞ্চে, তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। আর মাঠে নামলে তো সেটাই এক ধরনের প্রদর্শনী।’

আপনার জেলার সংবাদ পড়তে