ফুটবল বিশ্ব যখন ফিফা বিশ্বকাপে বুঁদ হওয়ার অপেক্ষায়, তখনও কিছু কিছু ক্লাব নেমেছে তাদের আখের গোছানোর কাজে। পরবর্তী মৌসুমকে সামনে রেখে কেউ কেউ দলে পছন্দের ফুটবলারদের ভেড়াতে তোড়জোড় শুরু করেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেটি নাকি প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বলছে, আলভারেজের জন্য রিয়ালের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি তারা ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাও উল্লেখ করেছে। তবে রিয়ালের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাতলেটিকো। মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী ক্লাবটির দেওয়া বিবৃতিকে ব্যঙ্গ করে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘আজকের পরিচালনা পর্ষদের সভার পর ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হুলিয়ান আলভারেজের ফেডারেটিভ স্বত্বের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি পর্যালোচনা ও মূল্যায়ন করার পর, অ্যাতলেটিকো মাদ্রিদ দুই ক্লাবের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কাঠামোর মধ্যে দেওয়া এই প্রস্তাবের জন্য ক্লাবকে ধন্যবাদ জানিয়েছে এবং খেলোয়াড়ের রিলিজ ক্লজের বিষয়টি উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে।’ তবে রিয়ালের প্রস্তাব পর্যালোচনা কিংবা কৃতজ্ঞতা জানানোর মতো কিছু ঘটেনি বলে এক্স পোস্টে লিখেছে অ্যাতলেটিকো, ‘আপনারা হয়তো ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। তবে যাতে কোনো সন্দেহ না থাকে, আমরা কোনো কিছুর জন্য আপনাদের ধন্যবাদ দিই না। আমরা হুলিয়ানকে নিয়ে কোনো প্রস্তাব পর্যালোচনাও করিনি, মূল্যায়নও করিনি। আপনারা বার্সেলোনার চেয়েও বেশি হাসাচ্ছেন।’ সম্প্রতি দুই দশকের মধ্যে রিয়াল মাদ্রিদের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সভাপতি নির্বাচনে জয়ী হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি আরও চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিশ্চিত করার পরই আলভারেজকে নিয়ে ঘোষণাটি আসে। ভোটের আগে পেরেজ জানিয়েছিলেন, তিনি একজন অজ্ঞাত খেলোয়াড়ের জন্য ১৫০ মিলিয়ন ইউরো খরচ করবেন, যার নাম মঙ্গলবার প্রকাশ করা হবে। এই অর্থ রিয়াল মাদ্রিদের ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি হতে পারত। এদিকে, এই মুহূর্তে ফিফা বিশ্বকাপ নিয়েই পুরো মনোনিবেশ করছেন আলভারেজ। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে নামার আগে অবশ্য তাকে চোট পুনর্বাসনেও ব্যস্ত থাকতে হচ্ছে। সর্বশেষ মৌসুমে অ্যাতলেটিকোর হয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেন আলভারেজ। তার দল লা লিগার টেবিলে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে।