লালমনিরহাটে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) লালমনিরহাট ব্র্যাক জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৪৩টি পরিবারের মাঝে এই হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। একই সাথে হাঁসের বাচ্চা নিয়ে বাড়ি ফেরার যাতায়াত খরচ বাবদ প্রত্যেক সুবিধাভোগীকে নগদ ৩ শত টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, জেলার প্রান্তিক মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলায় মোট ১৬৫টি সুফলভোগী পরিবারের মাঝে ২০টি করে হাঁসের বাচ্চা এবং এগুলো সঠিকভাবে লালন-পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আজ প্রথম ধাপে ৪৩টি পরিবারের মাঝে এগুলো বিতরণ করা হলো এবং গ্রামীণ মানুষের ভাগ্যবদলে ব্র্যাকের এই উন্নয়নমূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, ডেপুটি ম্যানেজার সিদ্দিকুর রহমান, এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক হাফিজুল ইসলাম, আরসি শহিদুর রহমান, টেকনোলজি অফিসার আব্দুল কারীম, সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কর্মকর্তা জয়ন্ত চন্দ্র বর্ম্মন এবং শাখা ব্যবস্থাপক ছাবিনা ইয়াসমিনসহ স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।