দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০৮:২২ পিএম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির আকারও ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে আজ বুধবার প্রকাশিত বিবিএসের সাময়িক প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগ ও সঞ্চয় স্থবিরতার মধ্যেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা ডলারের হিসাবে ৫০১ বিলিয়ন। আগের অর্থবছর জিডিপির আকার ছিল ৫৫ হাজার ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। ডলার প্রতি ১২২ টাকা ১৪ পয়সা বিনিময় হার ধরে জিডিপির আকার ঘোষণা করা হয়েছে।

এ হিসেবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

খাতভেদে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

এ ছাড়া শিল্পে ২ দশমিক ৮৬ এবং কৃষিতে ২ দশমিক ৭৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কমলেও শিল্প খাতে বেড়েছে।

অন্যদিকে গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে তিন হাজার ২০ মার্কিন ডলার। এ হিসাবে বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার।

বিবিএসের সংক্ষিপ্ত পর্যবেক্ষণ বলা হয়, সামগ্রিকভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হওয়া এবং মাথাপিছু আয় ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করা ইতিবাচক লক্ষণ। তবে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং জিডিপির তুলনায় জাতীয় সঞ্চয় ও বিনিয়োগের হার কিছুটা হ্রাস পাওয়া সামষ্টিক অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা।

আপনার জেলার সংবাদ পড়তে