কলমাকান্দায়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৩:২৯ পিএম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন সুফলভোগীর মাঝে বিশেষ অনুদান হিসেবে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রতিটি সুফলভোগীকে দুইটি করে টিন, চারটি সিমেন্টের খুঁটি এবং পাঁচ পিস ফ্লোরম্যাট প্রদান করা হয়। এর আগে একই প্রকল্পের আওতায় প্রত্যেক সুফলভোগীকে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছিল।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুল কবীর, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মাঠকর্মী অচিন্ত হাজং, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীরা। এ সময় বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল বয়ে আনছে। প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কর্মকাণ্ডের পাশাপাশি আবাসন ও গৃহস্থালি সহায়তা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুফলভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাগল পালন এবং গৃহনির্মাণ উপকরণ পাওয়ায় তাদের পরিবারে নতুন আশার সঞ্চার হয়েছে। এসব সহায়তা তাদের জীবিকা উন্নয়ন ও বসবাসের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার বলেন, সরকারের এ বিশেষ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।  প্রকল্প পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমগুলো বাস্তবায়িত হচ্ছে।  তিনি আশা প্রকাশ করেন, বিতরণকৃত গরু, ভেড়া, হাঁস - মুরগী, ছাগল ও অন্যান্য উপকরণ সুফলভোগীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের টেকসই জীবিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।