ভোলার দৌলতখানে টিনের চালার ঘরের ভিতর উপরের পাটাতনের সিলিংয়ের ছাদ ভেঙ্গে সাড়ে ৩ বছর বয়সী ঘুমন্ত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সোনামিয়ার বাড়িতে।
নিহতের পরিবার থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোররাত ৪ টার দিকে বিকট শব্দে টিনের চালার ঘরের উপরের পাটাতনের তক্তা খুলে আড়া ছুটে খাটের উপর ঘুমন্ত নুরনবীর শিশু মেয়ে ইমার গায়ে চাপা দেয়। আকস্মিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রামিলে তাৎক্ষণিক শিশুটিকে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক দুর্ঘটনায় শিকার শিশুটি হারিয়ে মা শিরিনা আক্তারের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।