চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট: এনডিপি

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম
চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট: এনডিপি

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বর্তমান সরকারের ঘোষিত জাতীয় বাজেটকে দেশের অর্থনৈতিক সংকট ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক যৌথ বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দীর্ঘ সময় ধরে চলমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ফলে সৃষ্ট ব্যাপক দুর্নীতি, অর্থপাচার, লুটপাট এবং আর্থিক অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি গভীর সংকটের মুখে পড়ে। সেই কঠিন বাস্তবতার মধ্যেই বর্তমান সরকার নতুন জাতীয় বাজেট ঘোষণা করেছে।

নেতৃদ্বয় বলেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদ ও বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার পরিচয় দিয়েছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে বলা হয়, একটি কল্যাণমুখী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটলে বাজেট বাস্তবায়ন আরও সহজ হবে।

এনডিপি নেতৃদ্বয় বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক বিভাজন নয়, বরং জাতীয় ঐক্যের প্রয়োজন। তারা সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।

খোন্দকার গোলাম মোর্তজা ও মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি পরিহার করে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”

তারা আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি দেশের সকল রাজনৈতিক শক্তি, ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাজেটের লক্ষ্যসমূহ সফলভাবে বাস্তবায়িত হবে এবং দেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে