মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৮:৩৪ পিএম
মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য সেট মহেশ্বরকাটি সেটে এক ভ্যারাইটি মুদি ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। 

বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বুধবার দুপুর ৩ টার দিকে দোকান বন্ধ করতে শার্টার টানছিলেন। এসময় সংঘবদ্ধ চোরেরা প্রাইভেট কার (যার একটি ডিজিট হাইড করা) ঢাকা মেট্রো-গ- ৪৩-৭৬৬* গাড়িতে করে বাজারে পৌছে দোকান থেকে সামান্য দূরে রেখে একজন দোকানে ঢোকেন। কিছুটা বিদেশী চেহারার লোকটি অর্ধেক বন্ধ দোকানের ভিতরে ঢ়ুকে ইংরেজীতে মালের নাম বলে নেন। দু'শ টাকার নোট দিয়ে ইংরেজীতে টাকার অংক বলেন এবং একই ভাবে ইংরেজী ১০০০ টাকার নোট দেখতে চান। ব্যবসায়ী অতটা না ভেবে গোপন স্থানের ৬৫ হাজার টাকার বান্ডেল থেকে একটি ১০০০ টাকার নোট তাকে দিলে তিনি বিদেশী ভঙ্গিতে টাকা দেখতে থাকেন এবং সম্ভবত কিছু একটা লাগিয়ে টাকা ফেরত দেন। এসময় প্রাইভেটে থাকা অপর সহযোগি গাড়িতে একটি মেয়েকে রেখে তিনি দোকানে ঢ়ুকে সঙ্গ দেন। এরপর তারা চলে যায়। ব্যবসায়ীও কিছু বুঝে উঠতে পারেনি। পরদিন (বৃহস্পতিবার) মাল আনতে পাঠানোর সময় টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ঐ বিদেশী স্টাইলের ভদ্রবেশী চোরেরা টাকা হাতিয়ে নিয়েছে বুঝতে পারেন। ঘটনার সময় অপর পাশের এক যুবক ব্যবসায়ী কৌতুহল বশতঃ প্রাইভেটের ভিডিও করেছিল এবং বিদেশী স্টাইলের দুজনকে মেম্বারের দোকানে ঢ়ুকতে ও গাড়িতে মহিলা ছিল, যা তার ভিডিওতে দেখা যায়। কিছু আগে তারা রাস্তার আরেক পাশে মেম্বারের ভাইয়ের দোকানে একই ভাবে ইংরেজীতে কথা বলে ২০০ টাকা বের করে এবং ১০০০ টাকা দেখতে চেয়েছিল। মালিক দোকানে না থাকায় কর্মচারী ইংরেজী বুঝতে না পারায় তাদেরকে মাল দেয়নি বলে জানাযায়। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে