সঠিক তথ্যভিত্তিক সংবাদে জনগণ ও সরকারের আস্থা বাড়ে: মীর শাহে আলম

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:৪০ পিএম
সঠিক তথ্যভিত্তিক সংবাদে জনগণ ও সরকারের আস্থা বাড়ে: মীর শাহে আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং জেলার দীর্ঘদিনের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াকে উত্তরবঙ্গের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও পরিবহন খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন হয়েছে। এছাড়া বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের হবে। উচ্চশিক্ষার প্রসারে বগুড়ায় একাধিক অনুষদ সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। নগর পরিকল্পনার অংশ হিসেবে বগুড়া শহরের মধ্য দিয়ে চলাচলকারী রেললাইন ভবিষ্যতে শহরের বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর ফলে যানজট কমবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাবতলী থেকে রানীরহাট পর্যন্ত মেট্রোরেলের আদলে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বাণিজ্য, শিল্প ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। অনুষ্ঠানে উপস্থিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন নগর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নগরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা দিতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার এবং নগরীর পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশনের প্রশাসককে নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিবেশবান্ধব উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই নগরজুড়ে বৃক্ষরোপণ, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মীর শাহে আলম বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমও ত্বরান্বিত হয়।

বগুড়া প্রেসক্লাবের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলার অন্যতম ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও কার্যকর করতে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বগুড়া সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য এক কোটি টাকা ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা অবকাঠামো উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সরকার ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে